|

জ্যৈষ্ঠ মাস। গাছে গাছে ঝুলছে অসংখ্য কাঁচাপাকা আম। হাত বাড়ালেই ছোঁয়া যাবে গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, বৃন্দাবন, ল্যাংড়া, ফজলি এ জাতীয় অগণিত দেশী-বিদেশী হরেক রকমের আম। ‘চাঁপাইনবাবগঞ্জ’ নামোচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চোখে এ রকমই একটি ছবি ফুটে ওঠে। তবে চাঁপাইনবাবগঞ্জ কেবল আমেরই জেলা নয়, বরং কাঁসা-পিতল, নকশীকাঁথা ও রেশমের মত ঐতিহ্যবাহী সামগ্রী এবং আলকাপ, গম্ভীরা ও মেয়েলি গীতের মত লোক-উপাদানে সমৃদ্ধ এ অঞ্চল প্রাগৈতিহাসিক কাল থেকে আবহমান বাংলার সবটুকু গৌরব ও প্রাচুর্যের স্মৃতিকে বুকে ধারণ করে আছে। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা। মানচিত্রে এর অবস্থান দেশের সর্বপশ্চিমে। এ জেলার পূর্বদিকে রাজশাহী ও নওগাঁ জেলা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং পশ্চিম ও দক্ষিণ উভয়দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও পদ্মা নদী।
পদ্মা-মহানন্দা-পুনর্ভবার কোল ঘেঁষে গড়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জ ছিল মধ্যযুগের মুসলিম বাংলার প্রাণকেন্দ্র গৌড় নগরীর এক অগ্রসর জনপদ। ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় এই জনপদ কখনোই বাংলার শাশ্বত প্রতিবাদমুখর ঐতিহ্যের পথ থেকে বিচ্যুত হয়নি; বরং স্বদেশী ও ভিনদেশী সব রকমের শোষণ, নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে এখানকার বরেন্দ্রভূমি চিরকাল স্বাধীনচেতা মানুষের বুকের রক্তে রঞ্জিত হয়েছে। সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সংঘটিত নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ, পাকিস্তান আমলে নাচোলের কৃষক বিদ্রোহ, বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এমনকি স্বাধীনতা-পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জবাসী তাঁদের বিদ্রোহী ও অধিকারসচেতন সত্তার প্রমাণ দিয়েছেন।
বর্তমান সরকারের ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়ন। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার সুনিশ্চিত করা এবং এর মাধ্যমে প্রশাসন ও সরকারি সেবাকে তাঁদের নাগালের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা তথ্য বাতায়ন হবে সর্বস্তরের মানুষের কাছে সহজলভ্য তথ্যের এক অবারিত উৎস। জেলার ভেতরে ও বাইরে বসবাসরত বাংলাদেশের প্রতিটি মানুষ, এমনকি বিদেশে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাভাষী জনগোষ্ঠীর জিজ্ঞাসা ও প্রয়োজন মেটাতে জেলা-সর্ম্পকিত যাবতীয় তথ্য-উপাত্তের ধারক চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়ন একটি সত্যিকারের তথ্যভাণ্ডারের ভূমিকা পালন করবে। |
|